
ঢাকা, ১৮ মে: সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১২৬ বিদেশি শিক্ষার্থী ভর্তির বরাদ্দের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (১৮ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, সার্ক কোটায় এমবিবিএসে মোট ৯৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ভারতের ২২, পাকিস্তানের ২১, নেপালের ১৯, ভুটানের ২০ এবং শ্রীলঙ্কার ১২ শিক্ষার্থী রয়েছেন। বিডিএসে সার্ক কোটায় পাকিস্তানের দুই, নেপালের দুই এবং ভুটানের দুই শিক্ষার্থীকে ভর্তির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
এমবিবিএস নন-সার্ক কোটায় ফিলিস্তিনের ১৫ শিক্ষার্থী এবং অন্যান্য দেশের আরও নয় শিক্ষার্থীকে ভর্তির জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে সাতজন মালয়েশিয়ার, একজন যুক্তরাষ্ট্রের এবং একজন কানাডার। বিডিএস প্রোগ্রামে মালয়েশিয়ার আরও দুজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে নন-সার্ক কোটায় ভর্তির জন্য বরাদ্দ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৬।
নোটিশে জানানো হয়েছে, বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৫ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা মিশনসমূহকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপ বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের ভূমিকা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন