
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছেন যে, ভারত ও পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনা শেষে দুই দেশ এই সিদ্ধান্তে পৌঁছেছে।
ট্রাম্প তার পোস্টে বলেন, “বিবেচনাবোধ এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য ভারত ও পাকিস্তান উভয়কেই অভিনন্দন। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে দেওয়া পোস্টে বলেন, “ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি ও শরিফের প্রজ্ঞা ও নেতৃত্বের জন্য আমরা কৃতজ্ঞ।”
তিনি আরও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি এবং জে ডি ভ্যান্স শীর্ষস্থানীয় ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করেই শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, উভয় দেশই স্থল, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ করবে। এই যুদ্ধবিরতি ভারতীয় সময় বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে।
ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন। দুই পক্ষই স্থল, আকাশ এবং সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়।
মিশ্রি আরও জানান, দুই দেশের ডিজিএমওরা পরবর্তী আলোচনা করবেন আগামী সোমবার দুপুর ১২টায়।
এই যুদ্ধবিরতি উপমহাদেশে শান্তির একটি নতুন অধ্যায় শুরু করতে পারে বলে আশাবাদী আন্তর্জাতিক মহল।
মন্তব্য করুন