
যশোর, ১০ মে: পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম। শনিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ইতোমধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রেসসচিব জানান, সরকার এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। “আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক রয়েছে, যেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে,” তিনি উল্লেখ করেন।
ভারতের গণমাধ্যমের সমালোচনা করে শফিকুল আলম বলেন, “ভারতীয় গণমাধ্যমের অনেকটাই দায়িত্বহীন। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা আমাদের জন্য দুঃখজনক। তবে বাংলাদেশের সাংবাদিকতা অনেক বেশি দায়িত্বশীল। আমরা চাই, আমাদের মিডিয়া স্বাধীনভাবে কাজ করুক এবং তা দেশ ও জাতির জন্য উপকারী হোক।”
‘এসো মিলি প্রাণের টানে, সম্প্রীতির বাঁধনে’ শিরোনামে আয়োজিত পুনর্মিলনীতে পুরো বিদ্যালয় চত্বরে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের লাল গালিচা সংবর্ধনা এবং ফুল ছিটিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, এবং উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার-পরিজন নিয়ে এসে তাদের বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।
পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয় চত্বরটি সজ্জিত করা হয় মনোমুগ্ধকরভাবে। পুরো এলাকায় এক উচ্ছ্বাসমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য করুন