
তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন কৌশল প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করে রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত রাখা যেতে পারে।
বুধবার (৭ মে) ২০২৬ বিশ্বকাপ আয়োজনে গঠিত টাস্কফোর্সের প্রথম বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প এ প্রস্তাব দেন। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাম্প প্রথমে জানতে পারেন, রাশিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ। এ বিষয়ে ইনফান্তিনো তাকে জানান, রাশিয়া আপাতত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। উত্তরে ট্রাম্প বলেন, “এটা তো একটা ভালো প্রণোদনা হতে পারে, তাই না? আমরা চাই, তারা থামুক। প্রতি সপ্তাহে পাঁচ হাজার তরুণ মারা যাচ্ছে—এটা অবিশ্বাস্য।”
২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার জাতীয় ফুটবল দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। ফলে তারা ২০২৬ বিশ্বকাপেও অংশ নিতে পারবে না।
ফিফা সভাপতি ইনফান্তিনো এ প্রসঙ্গে বলেন, “আমরা আশা করি, শান্তি ফিরে আসবে এবং রাশিয়াকে আবার ফুটবলে ফেরানো যাবে।” একই সুরে কথা বলেছেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন। তিনি বলেন, “যখন যুদ্ধ শেষ হবে, তখন রাশিয়া আবার ফুটবলে ফিরবে।”
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। তবে দেশটির কঠোর অভিবাসননীতি ও বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক দর্শকদের আগমন ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ট্যুরিজম ফোরাম ইনস্টিটিউট।
ট্রাম্প প্রশাসন যদিও এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে না, তবে তাদের আশা, বিশ্বকাপের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর একটি ইতিবাচক দিক তৈরি হতে পারে।
মন্তব্য করুন