
সরকারি ও বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলমান এই আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার (৭ মে) রাজধানীর শেরে বাংলা নগরের নার্সিং কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ আরো জোরদার হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং প্রতিবাদে দেশের ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজে কর্মসূচি পালিত হচ্ছে।
প্রধান পাঁচ দাবি:
১. নার্সিং শিক্ষকদের নিয়োগে ইউজিসি নীতিমালা অনুসরণ।
২. স্নাতক ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগ।
৩. ইন্টার্ন নার্সদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ।
৪. ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রবর্তন।
৫. বেসরকারি নার্সিং কলেজে টিউশন ফি ও শিক্ষকদের ন্যূনতম বেতন নির্ধারণে প্রজ্ঞাপন জারি।
ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী মো. আবুল হোসেন ইমন জানিয়েছেন, তাদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।
এদিকে, আন্দোলন চলাকালীন নতুন কোনো ভর্তি কার্যক্রম চালানোর বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীদের চোখ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে।
মন্তব্য করুন