
চট্টগ্রাম, ৭ মে: চট্টগ্রামের চান্দগাঁও র্যাব-৭ কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না।”
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চান্দগাঁও কার্যালয়ের নিজ কক্ষ থেকে পলাশ সাহার মরদেহ উদ্ধার করে সহকর্মীরা। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পতেঙ্গায় র্যাব-৭ এর কার্যালয়ে নেওয়া হয়।
চিরকুটে পলাশ তার সম্পত্তি ও পরিবারের প্রতি নির্দেশনামূলক কিছু বার্তা রেখে গেছেন। তিনি লেখেন, “বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”
চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, “র্যাব কর্মকর্তা পলাশ তার নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।”
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “এএসপি পলাশ সাহার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।”
এএসপি পলাশ সাহা ছিলেন বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে। সহকর্মী এবং স্বজনদের মধ্যে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন