
ঢাকা, ৬ মে: তরুণদের রাজনীতিতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সমাজে অর্থবহ পরিবর্তন আনার জন্য আমরা তাদের উৎসাহিত করছি।”
নরওয়েজিয়ান প্রতিনিধিদলে ছিলেন সোশালিস্ট ইউথ লিগ, কনজারভেটিভ পার্টি, গ্রিন পার্টি, এবং ইয়াং লিবারেলসসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তারা বাংলাদেশে তরুণদের সঙ্গে সাক্ষাৎ এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে মতামত তুলে ধরেন। প্রতিনিধিরা উল্লেখ করেন, অনেক বাংলাদেশি তরুণ এখনও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি।
তরুণদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে মুহাম্মদ ইউনূস বলেন, “গত ১৫ বছর ধরে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রায় অকার্যকর ছিল। এটি পুনরুদ্ধার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করাই বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার। নতুন কাঠামো তৈরি করে ধ্বংসস্তূপ থেকে রূপান্তরের সূচনা করতে হবে।”
দেশের রাজনৈতিক পরিবেশের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ হলো পুরনো সমস্যাগুলোর সমাধান করা এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা।”
তিনি আশা প্রকাশ করেন, “এই রূপান্তরকাল দ্রুত শেষ হবে এবং তরুণরা দেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে।”
প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক তরুণ নেতৃত্বের ভূমিকা ও তাদের রাজনীতিতে অংশগ্রহণের গুরুত্বের ওপর নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।
মন্তব্য করুন