
ইসলামাবাদ, ৩ মে পাকিস্তান আজ শনিবার (৩ মে) ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবদালির সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং উন্নত নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত সক্ষমতা পরীক্ষা করা। ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ‘এক্স সিন্ধু’ নামে একটি সামরিক মহড়ার অংশ ছিল।
উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডার (এএফএসসি), স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশন ও এএফএসসির জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সফল উৎক্ষেপণের জন্য সেনা, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের কৌশলগত বাহিনীর প্রস্তুতি ও প্রায়োগিক দক্ষতায় পূর্ণ আস্থা প্রকাশ করেছেন শীর্ষ নেতারা। তাঁরা জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগত শক্তি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
উৎক্ষেপণের এই পরীক্ষা এমন সময় অনুষ্ঠিত হলো, যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। ভারত এ হামলার জন্য পাকিস্তানের দিকে ইঙ্গিত করে অভিযোগ করেছে, যা পাকিস্তান প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই উৎক্ষেপণ পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে শক্তি প্রদর্শনের একটি বার্তা। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় এই পরীক্ষার প্রভাব কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।
মন্তব্য করুন