
ফরিদপুর, ৩ মে:দেশের প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার কার্যক্রম শিগগিরই বাস্তবায়িত হবে। পাশাপাশি দুর্গম চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রিযাপনের ব্যবস্থা, এবং এক বছরের মধ্যে বদলির ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (৩ মে) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
মহাপরিচালক বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান। তিনি চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোর সমস্যার সমাধানে গুরুত্ব আরোপ করেন।
সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন দুই উপজেলার শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রশ্নোত্তর পর্বে প্রধান শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো এবং অন্যান্য সমস্যা সম্পর্কে জানতে চান।
এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভীনসহ ১৮৮ জন প্রধান শিক্ষক এবং ৮২ জন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এই ঘোষণা এবং উদ্যোগগুলো দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।
মন্তব্য করুন