
ফ্লোরিডা, ১ মে: কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। দুই লেগের সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ৫-১ গোলের সামগ্রিক ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠেও লড়াই করতে ব্যর্থ হয় মেসির দল। বুধবার অনুষ্ঠিত ম্যাচে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ম্যাচের শুরুতে ইন্টার মিয়ামি এগিয়ে গিয়েছিল। নবম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে জর্ডি আলবা একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন। তবে সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় মিয়ামি। দ্বিতীয়ার্ধে ফিরে এসে ভ্যাঙ্কুভার মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয়। ৫১ মিনিটে ব্রায়ান হোয়াইট এবং ৫৩ মিনিটে পেদ্রো ভিতে গোল করে দলকে এগিয়ে নেন।
এরপর ৭১ মিনিটে সেবাস্টিয়ান বেরহাল্টার নিজের দুর্দান্ত শটে ভ্যাঙ্কুভারের হয়ে তৃতীয় গোলটি করেন। পুরো সেমিফাইনালে বেরহাল্টার ছিলেন অনন্য। দুই লেগ মিলিয়ে তিনি এক গোল এবং তিনটি অ্যাসিস্ট করেন। তবে ফাইনালে তিনি খেলতে পারবেন না, কারণ দ্বিতীয় লেগে হলুদ কার্ড দেখে টুর্নামেন্টে তার নিষেধাজ্ঞা নিশ্চিত হয়।
দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ১ জুনের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অপরদিকে, টানা চার ম্যাচ গোলশূন্য থেকে ইন্টার মিয়ামি তারকা লিওনেল মেসি সমর্থকদের হতাশ করেছেন।
মেসি ও তার দল ইন্টার মিয়ামি এবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের স্বপ্ন পূরণ করতে না পারলেও, ঘরোয়া লিগে তাদের পরবর্তী লক্ষ্য পূরণের প্রস্তুতি নিতে হবে।
মন্তব্য করুন