লালমনিরহাটের শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে ৪ দিনব্যাপী জমজমাট ডিইএন লালমনিরহাট টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লালমনিরহাট লায়ন্স, দিনাজপুর সুপার কিংস এবং বগুড়া বার্নার্স। প্রতিটি দলের খেলোয়াড় ছিলেন লালমনিরহাট ডিভিশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারী। তিনটি দলের মালিক ছিলেন লালমনিরহাট ডিভিশনের তিনজন সহকারী নির্বাহী প্রকৌশলী—লালমনিরহাট লায়ন্সের মালিক মোঃ তৌহিদুল ইসলাম, দিনাজপুর সুপার কিংসের মালিক নারায়ন প্রসাদ সরকার এবং বগুড়া বার্নার্সের মালিক মোঃ সাইদুর রহমান।
বাংলাদেশ রেলওয়ের জাতীয় পর্যায়ের ১ম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী জনাব নাজিব কায়সার, ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সাফল্যের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রতিযোগিতার উদ্যোগ নেন। রেলওয়ে বিভাগে এ পর্যন্ত পাঁচটি সফল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয়
রেলওয়ে ব্যবস্থাপক জনাব লিয়াকত শরীফ খান। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক, সোনালী ব্যাংক এবং শামসাদ শারমিন, রিসার্চ ফেলো, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার। অনুষ্ঠানে বাংলাদেশের রেলওয়ে ইতিহাসে প্রথমবারের মতো একটি থিমসং উন্মোচন করা হয়, যা জনাব নাজিব কায়সারের উদ্যোগে সম্পন্ন হয়।
ফাইনাল ম্যাচে লালমনিরহাট লায়ন্স ছয় উইকেটে দিনাজপুর সুপার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় দিনাজপুর সুপার কিংস এবং ফেয়ার প্লে পুরস্কার পায় বগুড়া বার্নার্স। চ্যাম্পিয়ন দলকে নগদ ১০,০০০ টাকা ও আকর্ষণীয় ট্রফি এবং রানার্সআপ দলকে ৫,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়। ফেয়ার প্লে পুরস্কার প্রদান করেন টুর্নামেন্টের স্পন্সরবৃন্দ।
এই টুর্নামেন্ট রেলওয়ে বিভাগের ক্রীড়া চর্চা ও কর্মচারীদের মনোবল বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বাংলাদেশ রেলওয়ে ক্রিকেট দলকে শক্তিশালী করার সম্ভাবনা উজ্জ্বল করেছে।
মন্তব্য করুন