
চলতি মৌসুমে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বারবার ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। কাতালানদের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করার পর লা লিগাতেও পিছিয়ে রয়েছে তারা। বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান ৪। লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে রিয়ালকে এখন প্রতিটি ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে। এরই মধ্যে শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে কোপা দেল রের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা চোটের কারণে ফাইনালে খেলতে পারবেন না। কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার গেতাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। কিন্তু এই ম্যাচের পরই দুঃসংবাদটি আসে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা কামাভিঙ্গা ম্যাচের ৮৫ মিনিটে গেতাফের মিডফিল্ডার লুইস মিলারের চ্যালেঞ্জে কুঁচকিতে চোট পান। এর আগে প্রথমার্ধে ডেভিড আলাবাকে বাঁ-পায়ের মাংসপেশির চোটে তুলে নেন কোচ। আনচেলত্তি বলেছেন, “কামাভিঙ্গার চোটের কী হয়, তা আগামীকাল দেখা হবে। আমার মনে হয়, দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবারের ম্যাচে তাদের খেলা কঠিন হবে।”
আলাবা এবং কামাভিঙ্গাকে হারানো রিয়ালের জন্য বড় ধাক্কা। চলতি মৌসুমে একের পর এক ডিফেন্ডার চোটে পড়ায় কামাভিঙ্গা মিডফিল্ড থেকে ডিফেন্ডারে পরিণত হয়েছিলেন। এবার তাদের অনুপস্থিতিতে ফ্রান গার্সিয়া বা ফাঁরলে মেন্দিকে দায়িত্ব দিতে হতে পারে। তবে মেন্দি সেভাবে ছন্দে নেই।
অন্যদিকে বার্সেলোনাও এই ফাইনালে তাদের প্রধান স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কিকে পাচ্ছে না। তবে চোট-সংকটের মধ্যেও উভয় দলই শিরোপার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।
আগের এল ক্লাসিকোগুলোর ফলাফচলতি মৌসুমে বার্সেলোনার কাছে ঘরের মাঠে দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে রিয়াল। গত অক্টোবরে লা লিগার ম্যাচে ৪-১ এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা। কোপার ফাইনালে বার্সার বিপক্ষে জয়ের মাধ্যমে এবার সেই হারগুলোর জবাব দিতে চাইবে লস ব্লাঙ্কোস।
এল ক্লাসিকোর এই ফাইনাল শুধুমাত্র শিরোপার জন্য নয়, দুই দলের মর্যাদার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোট-সংকটের মাঝে কোন দল শেষ পর্যন্ত বিজয়ী হয়, তা দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মন্তব্য করুন