
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমের আওতায় জুন মাসের মধ্যে দেশের চার লাখের বেশি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের অংশ হিসেবে জটিল আবেদনসমূহ নিষ্পত্তি করতে ৬৪ জেলার সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলের বিশেষ চাহিদা বিবেচনায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কয়েকজন কর্মকর্তাকে এই কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।
ইসির এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ‘ক্রাশ প্রগ্রাম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের নাম পরিবর্তন, জন্ম তারিখ সংশোধনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।
বিশেষত ‘গ’ ক্যাটাগরির আওতায় থাকা আবেদনগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে রয়েছে পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে নাম পরিবর্তন, পাঁচ বছরের বেশি বয়স পরিবর্তনের আবেদনসহ বিভিন্ন জটিল বিষয়। তবে এই পরিবর্তনগুলো চাকরির বয়সসীমা, মুক্তিযোদ্ধা ভাতা, ভোটার যোগ্যতা কিংবা অন্যান্য বিশেষ শর্তাবলীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ইসি আশা করছে, এই কার্যক্রমের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনে নাগরিকদের ভোগান্তি কমবে এবং দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে।
মন্তব্য করুন