বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বর্ষবরণের উৎসব নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নববর্ষ উদযাপনে সারাদেশে নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ৩৪৬টি টহল দল, ৪১৩ জন সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং ২৪৪৯ জন র্যাব সদস্য উৎসবস্থলে নিরাপত্তা নিশ্চিত করবেন।
রাজধানীর টিএসসি, শাহবাগ, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, এবং মানিক মিয়া এভিনিউসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট, টহল, এবং অবজারভেশন পোস্ট। বোমা হামলার ঝুঁকি এড়াতে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং পরিচালনা করা হবে।
নাশকতা রোধে বিশেষ কমান্ডো টিম, মোটরসাইকেল ও মোবাইল পেট্রোল দল, এবং সিসিটিভি মনিটরিং সক্রিয় থাকবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইনে গুজব, উস্কানি বা মিথ্যা তথ্য রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম নিরলস কাজ করছে।
নারীদের সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা এবং কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে র্যাব সদস্যদের অবহিত করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
র্যাবের এ প্রচেষ্টায় বর্ষবরণের উৎসব সুশৃঙ্খল ও আনন্দময় হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন