আজ, ১৩ এপ্রিল (রবিবার), দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকাসহ ১২টি অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো হলো: রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঢাকা, কুমিল্লা এবং সিলেট। ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অন্যান্য অঞ্চলেও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষত, নৌযান চলাচলে বাড়তি সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন