সরকার কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না, তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ডা. নাজমুল হোসেন বলেন, “পুরনো হোক বা নতুন—যে কোনো মেডিকেল কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য এমন চিকিৎসক তৈরি করা, যারা রোগীদের মানসম্পন্ন সেবা দিতে পারবেন। দেশের মানুষের কল্যাণের স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি জানান, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে আটটি পুরনো এবং ছয়টি নবীন মেডিকেল কলেজ নানা সমস্যায় জর্জরিত। তবে নতুন কলেজগুলোর মধ্যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।
নবীন মেডিকেল কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। “প্রত্যেক মেডিকেল কলেজে শিক্ষার মান উন্নত করাই আমাদের মূল লক্ষ্য। তবে যদি কোনো কলেজ বারবার ব্যর্থ হয়, তাহলে কঠোর সিদ্ধান্ত ছাড়া উপায় থাকবে না,” যোগ করেন মহাপরিচালক।
এর আগে সকালে তিনি নীলফামারী সরকারি মেডিকেল কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
ডা. নাজমুল আশ্বাস দেন যে, সরকারের পরিকল্পনা দেশের সব মেডিকেল কলেজের উন্নয়ন এবং গুণগত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, “আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠবেন।”
মন্তব্য করুন