বাংলাদেশের স্বাস্থ্য ও শিল্প খাতে যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি ২.২ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। ঢাকায় অনুষ্ঠিত চারদিনের বিনিয়োগ সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী ড. মুমতাজুর রহমান দাউদ এই অভাবনীয় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।
ড. দাউদ জানান, এই বিনিয়োগের প্রধান অংশটি স্বাস্থ্য খাতে, যেখানে ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল এবং বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ শুরু হবে। তিনি বলেন, “আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত নার্সরা যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে কর্মসংস্থান পাবেন, যা দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা পূরণ করবে।”
হাসপাতালের বিশেষত্বের মধ্যে রোগী পরিবহনের জন্য ট্রাফিক জট এড়াতে হেলিকপ্টার সেবা অন্তর্ভুক্ত থাকবে।
স্বাস্থ্য খাত ছাড়াও চট্টগ্রামে একটি ৬০০ মিলিয়ন ডলার ব্যয়ে সার কারখানা স্থাপন করা হবে। এই প্রকল্পে আমেরিকান বিনিয়োগকারী গ্রুপ ডিপি ওয়ার্ল্ড অংশীদার হিসেবে কাজ করবে।
বিনিয়োগকারী গ্রুপে রয়েছেন মার্কিন বিলিয়নিয়ার উদ্যোক্তা ফ্র্যাঙ্ক জাও এবং ফিটন বিশ্ববিদ্যালয়ের সাবেক গণিত বিভাগের প্রধান ড. স্যাম বেটেটা।
ড. দাউদ বলেন, “বাংলাদেশে আমাদের এই উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ণ সহযোগিতা করছে। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ক্যালিফোর্নিয়ার বোর্ড সভায় বাংলাদেশকে বিনিয়োগের জন্য বেছে নেওয়ার পেছনে ড. দাউদের অগ্রণী ভূমিকা ছিল। তিনি বলেন, “আমি বোর্ড সদস্যদের বলেছিলাম, আমার জন্মভূমি বাংলাদেশে বিনিয়োগ করুন এবং আমি সাফল্য নিশ্চিত করব।”
২০২৬ সালের মধ্যে হাসপাতাল চালু হওয়ার পাশাপাশি বছরে ৫,০০০ প্রশিক্ষিত নার্স রপ্তানি এবং চট্টগ্রামকে আঞ্চলিক শিল্প হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
ড. দাউদ তার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, “এটি শুধুমাত্র একটি বিনিয়োগ নয়, এটি আমার ১৫ বছরের স্বপ্নের বাস্তবায়ন। আমরা বাংলাদেশের স্বাস্থ্য ও শিল্প খাতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছি।”
মন্তব্য করুন