ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করেছে। তাদের প্রস্তাবিত নামগুলো হলো—‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ অথবা বাংলা অনুবাদে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রস্তাবনা জমা দেয়।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে দলটি লিখিত মতামত তুলে দেয়। এতে বলা হয়, দেশের নাম এমন হতে হবে, যা জনগণের কল্যাণ নিশ্চিত করার আদর্শকে প্রতিফলিত করে। এ উদ্দেশ্যেই প্রস্তাবিত নামগুলো পেশ করা হয়েছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
দলটির লিখিত প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এ দেশের কল্যাণমূলক রাষ্ট্র হওয়ার দর্শন সুস্পষ্ট নয়। প্রস্তাবিত নতুন নামটি দেশের জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সেবামূলক অবস্থানকে আরও পরিষ্কারভাবে উপস্থাপন করবে।
প্রস্তাবনার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি পর্যায় থেকে এ প্রস্তাবের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মন্তব্য করুন