রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সোমবার (৭ এপ্রিল) রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তার বাসা থেকে জব্দ করা মোবাইল ও ল্যাপটপে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ তথ্য নিশ্চিত করে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, উত্তরায় আব্দুল জব্বার (২১) নামের এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে দায়ের করা মামলায় তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়েছে।
মহিদুল ইসলাম বলেন, “তুরিন আফরোজের মোবাইল ও ল্যাপটপ তল্লাশি করে দেখা গেছে, তার সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা ছড়ানোর প্রমাণ রয়েছে। এসব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তুরিন আফরোজের বিরুদ্ধে এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। ২০১৮ সালে এক মানবতাবিরোধী মামলার আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ২০১৯ সালের নভেম্বর মাসে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি পান।
এ ঘটনায় তুরিন আফরোজের আইনগত পরিণতি এবং সরকারের বিরুদ্ধে তথ্য প্রচারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন