মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে বড় অগ্রগতি হয়েছে। জেলার জন্য একটি মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে কলেজের কাজ শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।
গত সোমবার (৭ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মুন্সীগঞ্জ ঢাকার নিকটবর্তী হলেও এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়নি। মেডিকেল কলেজ স্থাপনের জায়গা নির্ধারণ করে তা দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে, তবে তা মেডিকেল কলেজের কাজ শেষ হওয়ার পর।”
যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে তিনি আরও জানান, শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের আলোচনা চলছে এবং এটি শিগগিরই শুরু হতে পারে।
সভায় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এ দিন মুন্সীগঞ্জের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ভ্রমণের সুবিধার্থে জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘প্রত্নকথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা ও প্রকাশ করেছে জেলা প্রশাসন, যা জেলার ঐতিহ্যের এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় জেলার অবকাঠামো উন্নয়ন ও সংস্কৃতি সংরক্ষণ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। মুন্সীগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন