ফিলিস্তিনের গণহত্যায় শহীদদের স্মরণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয় মসজিদের প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে শিক্ষার্থী ও শিক্ষকরা ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিএমইউ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন।
গায়েবানা জানাজায় ইমামতি করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) দপ্তর সম্পাদক ডা. সারোয়ার জাহান তুহিন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ন্যায্য অধিকারের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ আয়োজনের মাধ্যমে বিএমইউ পরিবার ফিলিস্তিনের সংগ্রামী জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
মন্তব্য করুন