বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এখন থেকে প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জাহেদা পারভীন।
প্রজ্ঞাপন অনুযায়ী, আশিক চৌধুরী বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন। উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি বিডার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এই নিয়োগে বলা হয়েছিল, জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় এবং অন্য সব কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেয়ার পর থেকেই দেশ-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যাপক পদক্ষেপ নেন আশিক চৌধুরী। তার নেতৃত্বে ঢাকায় আজ শুরু হয়েছে ৪ দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ৪০টি দেশের প্রায় ৬০০ জন শীর্ষ বিনিয়োগকারী অংশ নিয়েছেন।
দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তার সক্রিয় প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এবার মিললো প্রতিমন্ত্রীর মর্যাদা।
মন্তব্য করুন