ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে বরিশাল ইবনে সিনা হাসপাতালে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ইবনে সিনা হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার ডা. মতলেবুর রহমান ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পক্ষে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দল-মত, ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।” তিনি আরও বলেন, “ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত, এবং আমাদের এই প্রতিবাদকে আরো বিস্তৃত করতে হবে।”
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইবনে সিনা হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াজ হোসেন। তিনি ফিলিস্তিনিদের উপর চলমান নির্যাতন বন্ধ করার জন্য বাংলাদেশের সরকারের নিকট কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে এই অবস্থান কর্মসূচি শেষ হয়, তবে তার আগে সকল অংশগ্রহণকারী একযোগে ফিলিস্তিনিদের জন্য একাত্মতা প্রকাশ করেন।
মন্তব্য করুন