ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে ঢাকায় আজ (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভে অংশ নেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এ সমাবেশে অংশগ্রহণকারীরা মানবতার পক্ষে, ন্যায়বিচার ও শান্তির আহ্বানে মুখর হয়ে ওঠেন। নানা রঙের প্ল্যাকার্ডে ফুটে ওঠে প্রতিবাদের ভাষা—‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘মানবতার পক্ষে সাদা কোট’—ইত্যাদি।

সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, “মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য চিকিৎসা পেশার মানুষ হিসেবে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট। ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক মহলের জোরালো সহানুভূতি ও পদক্ষেপ এখন সময়ের দাবি।”
ঢামেকের রেসিডেন্ট চিকিৎসক ডা. মোবারক হোসেন বলেন, “গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার মুখে কালিমা লেপে দিচ্ছে। আজ আমরা এই নৃশংসতার বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক দিয়েছি।”
সমাবেশের এক পর্যায়ে দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকরা শহীদ মিনারে যোগ দেন। বন্ধ রাখা হয় সকল শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম—জরুরি সেবা ব্যতীত।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই প্রতীকী প্রতিবাদ শুধু গাজার শিশুদের জন্য নয়, এটি ন্যায়ের পক্ষের অবস্থানকে বিশ্বদরবারে তুলে ধরার একটি প্রয়াস।

আয়োজকরা আশা করছেন, এই প্রতিবাদ কর্মসূচি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে বিশ্বজুড়ে একটি কার্যকর বার্তা পৌঁছে দেবে।
মন্তব্য করুন