টানা নয় দিনের ঈদের ছুটি শেষে আবার সচল হয়েছে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র — বাংলাদেশ সচিবালয়। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় অফিস কার্যক্রম শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। তবে যারা অফিসে এসেছেন, তাদের মাঝে এখনও স্পষ্ট ঈদের আমেজ।
সচিবালয় ঘুরে দেখা গেছে, অধিকাংশ উপদেষ্টা ও সচিবগণ কাজে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু দিনের শুরুটা কেটেছে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়েই। করিডোর থেকে শুরু করে অফিস কক্ষ— সবখানে ঘুরেফিরে চলেছে গল্প, আড্ডা আর হাসি-ঠাট্টা। কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য যেন আজকের অফিসের প্রধান কার্যক্রম হয়ে উঠেছে।
যদিও অফিস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, তবে অনেকেই এখনও ছুটির মুডে রয়েছেন। কেউ কেউ নির্ধারিত ছুটির সঙ্গে বাড়তি ছুটিও নিয়েছেন, ফলে সচিবালয়ের কিছু অংশ এখনও ফাঁকা। গাড়ি পার্কিং এলাকাও অস্বাভাবিকভাবে ফাঁকা দেখা গেছে, যা সাধারণ কর্মদিবসে দেখা যায় না।
ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের ব্যস্ততা কম থাকলেও, বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানোর আলাদা একটি আবহ তৈরি হয়েছে সচিবালয়ে। উৎসব শেষে কর্মক্ষেত্রে ফেরা যেন হয়ে উঠেছে আরেকটি সামাজিক মিলনমেলা।
মন্তব্য করুন