ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিচারক মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকিবুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডিত দুই আসামি বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ভুক্তভোগী মুজাহিদ হাসান ফাহিম ইভ্যালির মাধ্যমে একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল অর্ডার দিয়ে মূল্য পরিশোধ করেন। তবে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। অভিযোগে বলা হয়, পরবর্তীতে ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে ইভ্যালি কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার একটি চেক প্রদান করে। কিন্তু চেকটি ডিজঅনার হয় কারণ ব্যাংক একাউন্টে কোনো টাকা ছিল না।
একাধিকবার টাকা ফেরতের অনুরোধ ও লিগ্যাল নোটিশ পাঠিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগী শেষমেশ চলতি বছরের জানুয়ারিতে আদালতের দ্বারস্থ হন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রতারণার অভিযোগে সমালোচিত ছিল ইভ্যালি। কোম্পানিটির বিপণন কৌশল ছিল চমকপ্রদ ছাড় ও সময়সীমার প্রতিশ্রুতি, যা শেষ পর্যন্ত হাজারো গ্রাহককে ক্ষতিগ্রস্ত করে।
মন্তব্য করুন