পায়ের হঠাৎ আঘাতজনিত কারণে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিষয়টি শনিবার (৫ এপ্রিল) নিশ্চিত করেছেন হাসপাতালের জেনারেল ম্যানেজার পারভেজ আহমদ।
পারভেজ জানান, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) পায়ে আঘাত পেয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন নাহিদ ইসলাম। অর্থোপেডিক্স বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।
বিশ্বস্ত সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার বিএস-৫৩৫ ফ্লাইটে স্ত্রীসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট পৌঁছান নাহিদ ইসলাম। এরপর বিকেল ৩টার দিকে তিনি সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে যান এবং ঘণ্টাখানেক সেখানে অবস্থান করেন। পরবর্তীতে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার রাতে শেষ খবর অনুযায়ী তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন এবং শনিবার ঢাকা ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, আল হারামাইন হাসপাতালটি পরিচালনা করেন সিলেটের আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসের। আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছিল। এছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার মালিকানাধীন কাজী ক্যাসেলে অবস্থান করলে তা নিয়েও সিলেটে রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়।
এ প্রেক্ষাপটে নাহিদ ইসলামের ওই হাসপাতালে যাওয়া নিয়ে কিছু মহলে গুঞ্জন ছড়ালেও হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এটি শুধুই চিকিৎসা সংক্রান্ত একটি সফর ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নাহিদ ইসলামের হাসপাতালে অবস্থানের একটি ছবি ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন