যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন, যা ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় আসছে। এর ফলে বাংলাদেশি রপ্তানি খাতের উপর বড় ধরনের ধাক্কা আসার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই অবস্থায়, বৈঠকে সরকারের নীতিনির্ধারকরা মার্কিন শুল্কের প্রতিক্রিয়া, কৌশলগত পদক্ষেপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু বাংলাদেশের অর্থনীতির ওপরই নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশের রপ্তানি বাণিজ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন