থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মিয়ানমারের প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের সাংগ্রি–লা হোটেলে এই সাক্ষাৎ সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকে সম্প্রতি মিয়ানমারে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় অধ্যাপক ইউনূস গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, “বাংলাদেশ মিয়ানমারের পাশে আছে, আমরা মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। আমাদের উদ্ধারকারী দল ও জাহাজ ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে।”
সাক্ষাতে উভয় নেতার মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও মানবিক সহায়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মিয়ানমারের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করেন। মিয়ানমার প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের নেতৃত্বে বিমসটেক নতুন গতিতে এগিয়ে যাবে।
এদিকে, বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসা দল ইতোমধ্যে মিয়ানমারে কাজ শুরু করেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপিডোর জুবু থিরি টাউনশিপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং বালা থেইড্ডি এলাকায় ৫০ শয্যার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এ বৈঠক শুধু মানবিকতা নয়, বরং আঞ্চলিক সংহতি ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক বার্তা বহন করছে।
মন্তব্য করুন