কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার ‘অষ্টমী স্নান’। পুণ্যের আশায় ও পাপমোচনের প্রত্যাশায় শনিবার (৫ এপ্রিল) ভোর থেকেই নদীর তীরে ভিড় করেন লাখো পূণ্যার্থী। উৎসবটি ঘিরে পুরো এলাকা রূপ নেয় ধর্মীয় ও সামাজিক মিলনমেলায়।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সবার অংশগ্রহণে এ স্নানোৎসব এক অন্যরকম আবহ সৃষ্টি করে। ভোরের প্রথম আলো থেকে সকাল ১০টা পর্যন্ত চলে স্নান কার্যক্রম। ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রেখেই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বার্ষিক ঐতিহ্য।
উৎসব আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হোসেনপুর উপজেলা ও পৌর শাখা। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুসংগঠিত হয়। অষ্টমী স্নান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তাঁর সঙ্গে ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অষ্টমী স্নান উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে আগত পূণ্যার্থীদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন স্থানীয় নেতৃবৃন্দ একেএম শফিকুল ইসলাম, মানছুরুল হক রবিনসহ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই।
পুরাতন ব্রহ্মপুত্রের শান্ত জলে এবারও অগণিত মানুষের বিশ্বাস ও ভক্তির ছোঁয়ায় মুখরিত হয়ে উঠেছিল হোসেনপুর। ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এ উৎসব এলাকায় ছড়িয়ে দিয়েছে ইতিবাচক বার্তা।
মন্তব্য করুন