গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, মহাসড়কে অটোরিকশা প্রবেশ করলে তাৎক্ষণিক ডাম্পিংসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ নির্দেশনা কার্যকর করতে চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চান্দনা চৌরাস্তায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ড. নাজমুল করিম খান জানান, অটোরিকশাগুলো মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে অবস্থান নেবে এবং সেখানেই যাত্রী ওঠানামার কাজ সম্পন্ন করবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক থেকে হকার উচ্ছেদ, অবৈধ পার্কিং সরানো এবং সড়কের খানাখন্দ মেরামত সম্পন্ন হয়েছে। যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।
কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্যান্য ভারী যানবাহনের চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান। অতিরিক্ত বাস ভাড়ার বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন জিএমপি কমিশনার।
ছিনতাই প্রতিরোধে গাজীপুর মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে এবং গোপন অ্যাম্বুশের মাধ্যমে ছিনতাইকারীদের আটক করা হচ্ছে। ড. নাজমুল করিম খান জানান, ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন, তবে অভিযুক্তদের ছাড়া হয়নি।
তিনি বলেন, “অনেকে চাকরি হারিয়ে ছিনতাইয়ের মতো অপরাধে জড়াচ্ছে। এসব ঘটনায় যারা তাদের লেলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রেস ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন