ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পাঁচ বছর ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে জি কে শামীমকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তার অর্জিত ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।
তবে মানিলন্ডারিংয়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে এ অভিযোগ থেকে খালাস দেন।
আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন গণমাধ্যমকে জানান, বিচারক রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, দুদক আইনের ২৭(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় জি কে শামীমকে দণ্ড দেওয়া হয়েছে।
রায়ের বিষয়ে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, “আসামির বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাজা দিয়েছেন। মানিলন্ডারিংয়ের অভিযোগ থেকে খালাস দেওয়ার বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
এর আগে, ২২ জানুয়ারি আদালতে দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
মন্তব্য করুন