অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন বাংলাদেশকে আরও উন্নত, সুখী ও সমৃদ্ধশালী করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ড. সালেহউদ্দিন বলেন, “২৬ মার্চ আমাদের স্বাধীনতার স্মারক, জাতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন, “চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন অধ্যায় শুরু করেছি। নতুন বাংলাদেশকে উন্নত ও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
স্বাধীনতা দিবস ও ৫ আগস্টের গুরুত্বের প্রসঙ্গে তিনি বলেন, “এই দুটি দিন আমাদের জাতীয় ইতিহাসের বিশেষ মাইলফলক। সঠিক মর্যাদায় এগুলো উদ্যাপন করা উচিত।”
অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, “দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের ঐক্যই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি।”
মন্তব্য করুন