বাংলাদেশি সিনেমা থেকে শুরু করে বলিউডের নায়ক-নায়িকাদের পোশাক ও অভিনয় শৈলী কপি করার চল নতুন কিছু নয়। তবে এবার শিরোনামে আসলেন বলিউড সুপারস্টার সালমান খান, যার বিরুদ্ধে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে! বিতর্কের সূত্রপাত ঘটেছে সালমানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’-এর ‘জোহরা যবিন’ গানের মাধ্যমে, যা আগামী ৩০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজক যখন সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করেন, তখনই নেটিজেনরা অভিযোগ করতে শুরু করেন যে সালমান নাকি শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির গানের কোরিওগ্রাফি নকল করেছেন।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবির ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, ডান্স স্টেপ এবং কোরিওগ্রাফি সম্পর্কে নানা সমালোচনা করেছেন নেটিজেনরা। তাদের দাবি, সালমানের ‘জোহরা যবিন’ গানের দৃশ্যাবলী প্রায় একইরকম। এক সামাজিক মিডিয়া পোস্টে দুটি গানের দৃশ্যের তুলনা করা হয়েছে, যেখানে দৃশ্যের প্রায় একইরকম অবস্থান ও কোরিওগ্রাফি দেখা গেছে।
এদিকে, সালমানের অনুগামীরা এই সমালোচনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলেন, ‘পোশাকের মিল মানে কপি নয়,’ এবং এর বিপরীতে কেউ কেউ ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘কী দিন এল, বাংলাদেশি অভিনেতাকে নকল করতে হচ্ছে!’ এমন নানা তর্ক-বিতর্কে নেটদুনিয়া এখন উত্তাল।
‘সিকান্দার’-এর গান ‘জোহরা যবিন’ গেয়েছেন নাকাশ আজিজ, এবং এর সুর দিয়েছেন প্রীতম। গানটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা, বিশেষত সালমান এবং শাকিবের কোরিওগ্রাফি ও পোশাকের সাদৃশ্য নিয়ে।
মন্তব্য করুন