চার কোটি টাকার চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান সোমবার (২৪ মার্চ) এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলার সূত্রপাত পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে। গত বছরের ২ অক্টোবর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করে। তদন্ত শেষে সরকারের নির্দেশে বিএফআইইউ সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ করে।
জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমানে বিভিন্ন আইনি জটিলতায় জড়িত। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় একটি হত্যা মামলায় তার নাম উঠে আসে। মামলার পর থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার সম্পদ জব্দের নির্দেশনা নিয়ে বিস্তর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন মহলে।
মন্তব্য করুন