ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিভিল সার্জন ও সহকারী পরিচালক পদে পদোন্নতির জন্য ফিডার পোস্টে পাঁচ বছর বাধ্যতামূলক থাকার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। গত রোববার (২৩ মার্চ) ড্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেদের মতামত তুলে ধরে।
ড্যাবের বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ মার্চের প্রজ্ঞাপনে সিভিল সার্জন ও সহকারী পরিচালক পদে পদোন্নতির জন্য ফিডার পোস্টে পাঁচ বছরের বাধ্যতামূলক থাকার নিয়ম চালু করা হয়েছে। অথচ পূর্বে এ ধরনের নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছিল না। আগে বিশেষ ক্ষেত্রে সিভিল সার্জন পদে দুই বছর এবং সহকারী পরিচালক পদে ছয় মাস ফিডার পোস্টে থাকলেই পদোন্নতির যোগ্যতা অর্জন করা যেত।
ড্যাবের নেতারা এই নিয়মকে চিকিৎসা খাতে বৈষম্যমূলক ও স্বার্থান্বেষী বলে আখ্যা দিয়ে দাবি করেন, “ফিডার পোস্টে পাঁচ বছর বাধ্যতামূলক থাকার নিয়ম পূর্ববর্তী সরকারের দোসর চিকিৎসকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের একটি পদ্ধতি।”
তারা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী ক্ষেত্র বিশেষে ছয় মাস থেকে দুই বছর সময়সীমার ব্যবস্থা পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। ড্যাব নেতারা বলেন, “এ ধরনের সিদ্ধান্ত চিকিৎসা সেবার মান উন্নয়নের পরিবর্তে চিকিৎসকদের পেশাগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করবে।”
ড্যাবের পক্ষ থেকে সরকারের এই নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে, যা স্বাস্থ্য খাতের কার্যকারিতা ও উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্তব্য করুন