অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ (শনিবার, ২২ মার্চ) গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ প্রতিবেদন জমা দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি আরও জানান, প্রতিবেদন জমার পর দুপুর ১টায় যমুনার বাইরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে কমিশনের কার্যক্রম এবং সুপারিশ নিয়ে বিস্তারিত জানানো হবে।
২০২৪ সালের ১৮ নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। কমিশনের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিত্ব। তারা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, অ্যাটকোর প্রতিনিধি, নোয়াবের সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
কমিশনের প্রধান কামাল আহমেদ জানিয়েছেন, প্রতিবেদনটি গণমাধ্যম খাতের উন্নয়ন, নীতিমালা সংস্কার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপারিশ তুলে ধরবে। এটি গণমাধ্যমের ভবিষ্যৎ দিকনির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন