দেশের তিন জেলা রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নদীবন্দরগুলোতে সতর্কতা জারি করে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ঝড়ের সময়ে নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন