নওগাঁয় ডাকাতি শেষে পুলিশের ধাওয়ার মুখে একটি ট্রাক উল্টে একজন ডাকাত নিহত হয়েছেন এবং দুইজন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে নওগাঁ শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতি করার সময় স্থানীয়দের চিৎকারে পালিয়ে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ তাদের আটকের জন্য শহরের বিভিন্ন পয়েন্টে ছয়টি ব্যারিকেড স্থাপন করে। ধাওয়ার একপর্যায়ে শিবপুর এলাকায় ডাকাতদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ দুর্ঘটনায় তিনজন ডাকাত গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত দুইজন—রুবেল ও মাসুদ—বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের ট্রাকে লুট করা একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করেছে। নিহত ডাকাতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদের বাড়ি নওগাঁ ও বগুড়ার মহাদেবপুর এবং রানীনগর থানার বিভিন্ন এলাকায় হতে পারে।
পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন