জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত প্রায় আট হাজার মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (১৯ মার্চ) শুরু হওয়া এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), এবং এটি বাস্তবায়নে সহায়তা করবে বাংলাদেশ সরকার।
প্রকল্পটির নাম দেওয়া হয়েছে “দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার-সেন্ট্রিক অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস”, যার জন্য ইইউ বরাদ্দ দিয়েছে ২০ লাখ ইউরো। এই প্রকল্প ২০২৬ সালের আগস্টের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, সামাজিক সংহতি বৃদ্ধি, এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। পুনর্বাসন কার্যক্রমের মধ্যে থাকবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, ঔষধ সরবরাহ, কাউন্সেলিং, এবং শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলায় সহায়ক উপকরণ সরবরাহ। পাশাপাশি আয়ের পথ বৈচিত্র্যময় করতে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।
এই প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বাস্তবায়িত হবে। বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে অভ্যুত্থানে আহত ছাত্র, শ্রমিক, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের।
ইইউ দূতাবাস জানিয়েছে, প্রকল্পের মেয়াদ শেষ হলেও এটি যাতে কার্যকর থাকে, সেজন্য সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও উল্লেখ করেছে, এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি টেকসই পুনর্বাসন কাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।
এ প্রকল্পের আওতায়, যারা শারীরিক ও মানসিক আঘাতের মুখোমুখি হয়েছেন, তাদের সুস্থতা এবং আর্থ-সামাজিক পুনর্বাসনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্তব্য করুন