গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করেছে সরকার।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।
গুম কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এছাড়া, কমিশনের অন্যান্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।
‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ এর আওতায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২২ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে গুমের ঘটনা তদন্ত করার জন্য গত ২৭ আগস্ট সরকার কমিশন গঠন করেছিল। পরে ১৫ সেপ্টেম্বর কমিশনের দায়িত্ব ও প্রতিবেদন দাখিলের সময়সীমা পরিবর্তন করা হয়।
তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। প্রথমে ১৪ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারিত ছিল, তবে এখন কমিশনকে আরও সাড়ে তিন মাস সময় দেওয়া হয়েছে ।