ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্পে দুর্নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ও অন্যান্য কার্যক্রমে অনিয়মের সত্যতা খুঁজতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।
দুদকের টিম প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে। এরপর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) অবস্থিত প্রকল্প অফিসে গিয়ে নথিপত্র যাচাই করে। তদন্তে দেখা গেছে, প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া তিনবার আহ্বান করা হলেও, প্রথম টেন্ডারে মূল্যায়ন কমিটি কোনো প্রতিবেদন জমা দেয়নি। সর্বশেষ টেন্ডার মৌখিক নির্দেশে বাতিল করা হয়েছে।
দুদকের পর্যবেক্ষণে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে প্রকল্পের টেন্ডার কার্যক্রম স্থগিত রেখেছেন। তাছাড়া প্রকল্প পরিচালকের বারবার পরিবর্তনের কারণে টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এ অভিযানের সময় দুদক টেন্ডার সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে এবং বদলি সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আরও তদন্তের জন্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র চায়।
দুদকের টিম জানিয়েছে, প্রকল্পের গুরুত্ব বিবেচনায় বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। দেশের স্বাস্থ্য খাতের এই প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই দুদক এ অভিযান পরিচালনা করেছে।
মন্তব্য করুন