নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিনের সভাপতিত্বে ঢাকাস্থ ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যেই ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিইসির সভাপতিত্বে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সাতজন কর্মকর্তা আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার দায়িত্ব পালন করবেন।
আমন্ত্রিত দেশগুলো হলো: আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
এ বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, নির্বাচন কমিশন যুক্তরাজ্য, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই ধরনের বৈঠক করেছে।
নির্বাচন কমিশন আশা করছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এই ধরনের মতবিনিময় ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়তা করবে।
মন্তব্য করুন