চার দিনের সফর শেষে আজ রোববার সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৯টা ৫৫ মিনিটে তার যাত্রাবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাসচিবকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ত্যাগের আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।
চার দিনের সফরে গুতেরেস বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন। তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেন। সফরের অংশ হিসেবে তিনি প্রায় এক কোটি রোহিঙ্গার সঙ্গে ইফতারেও যোগ দেন।
এছাড়া জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, তরুণ প্রজন্ম এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল আলোচনায় অংশ নেন।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান গুতেরেস। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর আগে, ২০১৮ সালের জুলাই মাসে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করেছিলেন।
মন্তব্য করুন