বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বুধবার (১২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক নার্গিস বেগম বিএনপির প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী এবং দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্ত্রী। তিনি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।
নার্গিস বেগমের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নের খবরে যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, দলে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে।
যশোর জেলা বিএনপির একাধিক নেতা বলেছেন, নার্গিস বেগম একজন দক্ষ ও অভিজ্ঞ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে যশোর বিএনপি সুসংগঠিত থেকেছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্বামী তরিকুল ইসলামের মৃত্যুর পরও নার্গিস বেগম দলের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। তিনি যশোর বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর এই মনোনয়নকে নেতাকর্মীরা দলের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।
নার্গিস বেগমের নতুন দায়িত্ব গ্রহণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। তাঁরা মনে করেন, কেন্দ্রীয় নেতৃত্বে নার্গিস বেগম আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং খুলনা বিভাগসহ যশোরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবেন।
নার্গিস বেগম নিজেও এই পদে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী দলে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয়। আমি দলের জন্য সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে কাজ করার চেষ্টা করব।”
এই মনোনয়নের মধ্য দিয়ে বিএনপির সংগঠনে আরও নতুন গতির সূচনা হবে বলে মনে করছেন দলের নেতারা।
মন্তব্য করুন