জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। সামাজিক ও রাজনৈতিক জায়গা থেকেও সেই অবস্থান দেখানো জরুরি। ইসলাম যে সাম্য, ইনসাফ ও সম্প্রীতির শিক্ষা দেয়, সেই মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করতে হবে।”
গত মঙ্গলবার রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, শিক্ষার্থী, পেশাজীবী ও আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রশংসা
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্রকামী ছাত্র ও জনতার সম্মিলিত প্রতিরোধের ফসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছিল।”
তিনি বলেন, গণ-অভ্যুত্থান বাংলাদেশের নতুন পথচলার সূচনা করেছে। “আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে একযোগে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই।”
নতুন প্রজাতন্ত্র ও শাসন কাঠামোর দাবি
নাহিদ ইসলাম শাসন কাঠামোর মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা একটি নতুন সংবিধান এবং নতুন প্রজাতন্ত্র গড়ে তোলার স্বপ্ন দেখি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র ও সম্প্রীতির ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের মাধ্যমে সংস্কারের রূপরেখা কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুরোনো রাজনীতি নয়, আমরা দুর্নীতিমুক্ত নতুন রাজনৈতিক ব্যবস্থা চাই।”
রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের উপস্থিতি
ইফতারে অংশ নেন বিএনপির সালাহ উদ্দিন আহমেদ ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকসহ বিভিন্ন দলের নেতা ও প্রতিনিধি।
এছাড়া লেখক ফরহাদ মজহার, ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন এবং শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা ও নির্বাচনের প্রস্তুতি
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সেনাবাহিনী, পুলিশ ও আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর নিরাপত্তা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।”
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। ইফতারে আলোচনায় উঠে আসে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রসঙ্গ।
মন্তব্য করুন