পটুয়াখালী মেডিকেল কলেজের (পমেক) ইন্টার্ন ডক্টরস সোসাইটির ২০২৫-২৬ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ডা. মো. সবুর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ডা. গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পমেকের উপাধ্যক্ষ ডা. এফ এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি ডা. স্বর্ণা মজুমদার, সহ-সাধারণ সম্পাদক ডা. সৌরভ সেন, সাংগঠনিক সম্পাদক পদে ডা. আহসানুল হক রাফি এবং ডা. সুমাইয়া সাইমা শর্মি। হোস্টেল সম্পাদক পদে বয়েজ ইন্টার্ন হোস্টেলের দায়িত্বে নির্বাচিত হয়েছেন ডা. ইমরুজ বিন ইসহাক এবং গার্লস ইন্টার্ন হোস্টেলের দায়িত্বে নির্বাচিত হয়েছেন ডা. মাহজাবিন সুলতানা আনিকা।
নির্বাচনে বিজয়ীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন এবং ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থরক্ষা ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন। তারা পমেকের ইন্টার্ন ডক্টরস সোসাইটিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন।
নির্বাচন শেষে উপাধ্যক্ষ ডা. এফ এম আতিকুর রহমান নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে ইন্টার্ন ডক্টরস সোসাইটি আরও গতিশীল হবে। তারা চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।”
এই কমিটি ২০২৫-২৬ সেশনের জন্য দায়িত্ব পালন করবে এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সকল কার্যক্রম সমন্বয় করবে।
মন্তব্য করুন