এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা। গত বছর (২০২৪ সালে) এই হার ছিল যথাক্রমে ১১৫ টাকা এবং ২,৯৭০ টাকা।
মঙ্গলবার (১১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। বিশিষ্ট আলেম ও কমিটির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি নতুন ফিতরার হার ঘোষণা করেন।
ফিতরার হার নির্ধারণে দেশের সব বিভাগের আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্য বিবেচনা করা হয়েছে।
ইসলামের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ঈদুল ফিতরের আগে ফিতরা আদায় করা বাধ্যতামূলক। নাবালক সন্তানদের পক্ষ থেকে তাদের অভিভাবক এই ফিতরা প্রদান করবেন।
মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের নির্ধারিত পরিমাণ বা এর বাজারমূল্য গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করতে পারবেন।
আটার ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ হলো এক কেজি ৬৫০ গ্রাম, আর খেজুর, কিসমিস, পনির এবং যবের ক্ষেত্রে পরিমাণ তিন কেজি ৩০০ গ্রাম। এসব পণ্যের বাজারমূল্যের ভিত্তিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে।
ঈদুল ফিতরের নামাজের আগে ফিতরা প্রদান করাই ইসলামের নিয়ম। এটি আদায় করার মাধ্যমে ধনী-গরিবের মধ্যে সম্প্রীতি ও মানবিক সংহতি প্রতিষ্ঠিত হয়।
মন্তব্য করুন