গণ-অভ্যুত্থানের বিরোধী শক্তি একটি পরিকল্পিত ছদ্ম-যুদ্ধ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (১০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
মাহফুজ আলম তার পোস্টে জানান, রবিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় নারী ও শিশু নিপীড়ন প্রতিরোধ, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে আলোচনা হয়। তিনি লিখেছেন, “সরকার ইতিমধ্যেই অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে।”
মাহফুজ তার পোস্টে উল্লেখ করেন, ছাত্র ও যুবকদের জন্য লক্ষাধিক কর্মসংস্থানের উদ্যোগ এবং জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়টি শিগগিরই বাস্তবায়িত হবে। একই সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, “সরকার যুদ্ধ করছে গণ-অভ্যুত্থানে পরাজিত দেশি-বিদেশি একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে। কিন্তু স্বার্থান্বেষী মহল অভ্যুত্থানের ঐক্য নস্যাৎ করতে কাজ করছে।”
তিনি জানান, সামরিক ও বেসামরিক প্রশাসন, ব্যবসায়ী শ্রেণি এবং গণমাধ্যমের একটি অংশ সরকারের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে তিনি বলেন, “সরকার জনগণকে ঐক্যবদ্ধ করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে।”
মাহফুজ আলম দাবি করেন, দেশে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তা অন্য কোনো শক্তি থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সপ্তাহ এবং দিনের কর্মসূচি মনিটর করা হয়। আমাদের এই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, এবং গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং তার আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হবে।”
উল্লেখ্য, উপদেষ্টার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা এবং গণ-অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
মন্তব্য করুন