গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ মঙ্গলবার সকালে শ্রমিকদের বিক্ষোভে যানজট ও উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকরা তাদের সহকর্মীর ওপর হামলার বিচার এবং বন্ধ কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
সকাল ৮টায় মৌচাকের দোকানপাড়া এলাকায় শ্রমিকরা অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে আশপাশে সরে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের দাবি, শনিবার গ্লোবাল অ্যাপারেলস কারখানার এক শ্রমিককে অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। তবে এরপর থেকে কারখানাটি বন্ধ রাখা হয়। বিচার না হওয়া এবং কারখানা খোলার দাবিতে আজ শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেন।
গ্লোবাল অ্যাপারেলসের শ্রমিক রেজাউল ইসলাম জানান, “কারখানার স্টাফরা আমাদের সহকর্মীকে মারধর করেছেন। আমরা সুষ্ঠু বিচার ও কারখানা চালুর দাবি জানিয়েছিলাম। কিন্তু কোনো সমাধান হয়নি।”
শ্রমিকদের বিক্ষোভে আশপাশের সাদমা, কোকোলা, মন্ট্রিমস, লিভাসসহ অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সাদমা গার্মেন্টসের শ্রমিক লুৎফর রহমান বলেন, “শ্রমিকরা ক্ষুব্ধ হওয়ায় আমাদের কারখানাও ছুটি দিয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক তা চাই না।”
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল সেলিম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। থানা-পুলিশ ও শিল্প পুলিশ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে।
এ বিক্ষোভের জেরে কর্মক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে। শ্রমিকরা দ্রুত সমাধান চেয়ে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
মন্তব্য করুন